চাঁদপুরের তিন নদীর মোহনায় ধান-চালসহ কার্গো উল্টে কোটি টাকার ক্ষতি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

চাঁদপুরের প্রমত্তা তিন নদীর মোহনায় মেঘনার তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৩ হাজার ৮০০ বস্তা চাল ও ১ হাজার ৪০০ বস্তা ধানবোঝাই একটি বড় কার্গো জাহাজ উল্টে গেছে। বুধবার (৮ জুলাই) সকালে পুরান বাজার ঘাটসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটলেও কার্গোতে থাকা পাঁচ শ্রমিক অলৌকিকভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

চাঁদপুরের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ঘূর্ণিস্রোতপ্রবণ তিন নদীর মোহনায় ফের এক নৌ-দুর্ঘটনার ঘটনা ঘটল। জানা গেছে, পাবনা থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য নিয়ে ‘পারবো’ নামের একটি বাণিজ্যিক কার্গো জাহাজ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে জাহাজটি যখন চাঁদপুরের পুরান বাজার ঘাটের কাছাকাছি পৌঁছায়, ঠিক তখনই তিন নদীর মোহনায় সৃষ্ট শক্তিশালী ও তীব্র এক ঘূর্ণিস্রোতের মুখে পড়ে। স্রোতের গতি এতই বেশি ছিল যে চালক মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পুরো কার্গোটি নদীতে উল্টে যায়।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে কার্গোটির চালক এরশাদ মাঝি জানান, জাহাজটিতে মোট ৩ হাজার ৮০০ বস্তা চাল এবং ১ হাজার ৪০০ বস্তা ধান বোঝাই করা ছিল। সকালের দিকে ঘাটের কাছাকাছি আসতেই হঠাৎ তীব্র স্রোত আমাদের ওপর আঘাত হানে। কার্গোটি যখন উল্টে যেতে শুরু করে, তখন ভেতরে থাকা পাঁচজন শ্রমিক দ্রুত নদীতে ঝাঁপ দেন। তীব্র স্রোত ডিঙিয়ে তারা সবাই নিরাপদে সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন। যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনায় বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পরবর্তীতে উল্টে যাওয়া বিশাল কার্গো জাহাজটিকে টেনে কোনোমতে ডাকাতিয়া নদীর তীরে এনে ভিড়িয়ে রাখা হয়েছে।

এদিকে এই জাহাজডুবির ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাঁদপুরের পুরান বাজারের ব্যবসায়ীরা। চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী দুর্ঘটনার তীব্রতা নিশ্চিত করে জানিয়েছেন, কার্গোতে থাকা এই বিপুল পরিমাণ ধান ও চাল পুরান বাজারের স্থানীয় সাতজন বড় ব্যবসায়ীর আমদানিকৃত মালামাল ছিল। পানির নিচে সব চাল ও ধান তলিয়ে যাওয়ায় প্রাথমিক হিসাব অনুযায়ী ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নৌ-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্গোডুবির এই ঘটনার বেশ কিছু সময় পার হয়ে গেলেও চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন জানান, দুপুরের পর পর্যন্ত তাদের কাছে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো লিখিত বা সুনির্দিষ্ট তথ্য এসে পৌঁছায়নি।

তবে বিআইডব্লিউটিএ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক মো. কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, তারা ঘটনার খবর পাওয়া মাত্রই নৌ-নিরাপত্তা বিভাগের উপপরিচালক বাবু লাল বৈদ্যকে পরিদর্শনের জন্য দুর্ঘটনাস্থলে পাঠিয়েছেন। ঠিক কী কারণে এবং কারিগরি কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি সার্বিক পরিস্থিতি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

তাসনিম হোসেন