যমুনার চরে ‘আর্জেন্টিনা বটগাছ’, দেখতে ভিড় ফুটবলপ্রেমীদের

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০৭:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপকে ঘিরে সিরাজগঞ্জের বেলকুচিতে আর্জেন্টিনার প্রতি ভালোবাসার এক ব্যতিক্রমী নজির গড়েছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। সবার ছোট ছোট অনুদানে প্রায় ১০ হাজার টাকা ব্যয়ে একটি বিশাল গাছকে আর্জেন্টিনার পতাকার আদলে রাঙিয়ে তুলেছেন তারা, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। সেই আবেগের ছোঁয়ায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ও জামতৈল ইউনিয়নের মাঝামাঝি একটি বিশাল গাছ আকাশি-সাদা রঙে সেজে উঠেছে। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে আর্জেন্টিনার বিশাল এক পতাকা।

স্থানীয়রা জানান, ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় প্রথমবার গাছটিকে আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করা হয়েছিল। ২০২৬ সালের বিশ্বকাপ উপলক্ষে এবার আবারও নতুন করে রঙ করা হয়েছে।

এই উদ্যোগে কোনো ব্যক্তি বা সংগঠনের একক অর্থায়ন ছিল না। বরং এলাকার প্রবীণ, তরুণ ও কিশোররা যার যতটুকু সামর্থ্য, ঠিক ততটুকু অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। কেউ ৫ টাকা, কেউ ১০, ৫০ কিংবা ১০০ টাকা করে দিয়েছেন। সবার সম্মিলিত সহযোগিতায় প্রায় ১০ হাজার টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে পুরো আয়োজন।

শুধু একটি গাছই নয়, পুরো এলাকাজুড়েই বইছে বিশ্বকাপের উৎসবের আমেজ। বিভিন্ন সড়কে উড়ছে আর্জেন্টিনা, ব্রাজিল ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের পতাকা। স্থানীয় এক রিকশাচালক নিজের রিকশাটিকেও আর্জেন্টিনার পতাকার আদলে সাজিয়েছেন। বিশ্বকাপ এলেই এলাকায় খেলা দেখা, আড্ডা ও নৈশভোজের আয়োজন করেন বিভিন্ন দলের সমর্থকরা। মাঠের খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বাস্তব জীবনে সবাই সম্প্রীতির বন্ধনেই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

আয়োজনের অন্যতম উদ্যোক্তা মো. রাসেল হোসেন বলেন, "আর্জেন্টিনা আমাদের আবেগের নাম। সেই ভালোবাসা প্রকাশ করতেই ২০২২ সালে প্রথম গাছটিকে রঙ করি। এবার বিশ্বকাপ উপলক্ষে আবারও নতুন করে সাজানো হয়েছে। এই আয়োজন কারও একার নয়, পুরো এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতার ফল। আমরা চাই, এই গাছ ফুটবলপ্রেম ও সম্প্রীতির প্রতীক হয়ে থাকুক।"

আর্জেন্টিনার পতাকার আদলে রিকশা সাজানো এক চালক বলেন, "রিকশাই আমার জীবিকা, কিন্তু আর্জেন্টিনা আমার ভালোবাসা। তাই নিজের রিকশাটাকেও প্রিয় দলের রঙে সাজিয়েছি। যাত্রীরাও ছবি তোলেন, এতে খুব ভালো লাগে। বিশ্বকাপ এলেই অন্যরকম আনন্দ কাজ করে।"

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ফুটবল তাদের কাছে শুধু একটি খেলা নয়, এটি আনন্দ, উৎসব ও সম্প্রীতির উপলক্ষ। সবাই নিজের পছন্দের দলকে সমর্থন করলেও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো বিভেদ নেই।

হাজার হাজার কিলোমিটার দূরের আর্জেন্টিনা হয়তো কখনো জানবে না সিরাজগঞ্জের বেলকুচির এই গাছটির গল্প। তবে আকাশি-সাদা রঙে মোড়ানো এই গাছটি প্রমাণ করে, ফুটবল মানুষের আবেগ, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য ভাষা।

তাসনিম হোসেন