মঙ্গলবার থেকে কমতে পারে বৃষ্টির তীব্রতা, সপ্তাহের শেষে আবারও বাড়ার আভাস

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সপ্তাহের শেষ দিকে মৌসুমি বায়ু সক্রিয় হলে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে।

সোমবার (১৩ জুলাই) আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মঙ্গলবার থেকে খুলনা বিভাগে বৃষ্টির তীব্রতা কমতে শুরু করতে পারে। একই সঙ্গে সিলেট বিভাগ, ঢাকা বিভাগের মাদারীপুর ও ফরিদপুরসহ কয়েকটি জেলা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও ভারী বৃষ্টির প্রবণতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বৃষ্টির তীব্রতা কমলেও বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। বর্তমানে যে অতি ভারী বর্ষণ হচ্ছে, তা কমে মাঝারি বা হালকা বৃষ্টিতে রূপ নিতে পারে। দিনের বিভিন্ন সময়ে এক-দুই পশলা বৃষ্টি অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে দেশের ছয় বিভাগে আগামী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বহাল রয়েছে।

এদিকে সোমবার দুপুরের পর ঢাকার আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করেছে। আবহাওয়াবিদদের মতে, মঙ্গলবার রাজধানীতে স্বল্প সময়ের জন্য রোদের দেখা মিলতে পারে। তবে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনাও থাকবে। এই পরিস্থিতি আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আবারও বৃদ্ধি পেতে পারে।

তাসনিম হোসেন