সাবেক রাষ্ট্রপতি এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০১:০৬ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ (এইচ এম) এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৪ জুলাই)। দিবসটি উপলক্ষে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া, কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত ও স্মরণসভাসহ নানা কর্মসূচি পালন করবে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

দলীয় সূত্র জানায়, সকালে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। দিনব্যাপী বিভিন্ন স্থানে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল এবং প্রয়াত এরশাদের বিভিন্ন সময়ের ভাষণ প্রচার করা হবে।

বেলা ১১টায় রংপুর নগরীর পল্লী নিবাসে এইচ এম এরশাদের সমাধিতে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ৮৯ বছর বয়সে মারা যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। তিনি ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিলেন এবং ১৯৮৬ সালে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। তাঁর মৃত্যুর পর রংপুরের পল্লী নিবাসে তাকে সমাহিত করা হয়।

তাসনিম হোসেন