পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে অনন্য কৃতিত্ব দেখিয়েছে কুড়িগ্রামের যমজ তিন বোন। তারা তিনজনই ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলাজুড়ে আনন্দের আবহ তৈরি করেছেন।
ম্প্রতি প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে কুড়িগ্রামের মেধাবী তিন শিক্ষার্থী তাহিয়া রহমান, তাকিয়া রহমান ও তাবিয়া রহমান। তারা কুড়িগ্রাম জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক এবং শাহিনা আকতারের সন্তান।
তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। অন্যদিকে তাবিয়া অংশ নেয় অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।
তিন বোন জানায়, ছোটবেলা থেকেই বাবা-মায়ের উৎসাহ, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজেদের নিয়মিত পরিশ্রমের ফলেই তারা এই সাফল্য অর্জন করতে পেরেছে। ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে তারা সবার দোয়া কামনা করেছে।
তাদের বাবা অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক বলেন, তিন মেয়ের একসঙ্গে ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া তার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। তিনি এই অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সন্তানের সাফল্যের পেছনে তাদের মা শাহিনা আকতারের অবদানের প্রশংসা করেন।
কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. গোলেনুর বেগম বলেন, একই পরিবারের তিন বোনের এমন অসাধারণ কৃতিত্ব বিদ্যালয়ের জন্য গর্বের। তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও আরও মনোযোগী ও পরিশ্রমী হতে উৎসাহিত করবে।
একসঙ্গে তিন যমজ বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের এই ঘটনা কেবল তাদের পরিবারের নয়, কুড়িগ্রাম জেলার জন্যও একটি অনন্য গৌরবের অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।