রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউজ।
রোববার (১৯ জুলাই) গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফলের ক্যারেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। প্রাথমিক হিসাবে জব্দ করা স্বর্ণের পরিমাণ অন্তত ১৬ কেজি। নথি অনুযায়ী, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ফুড লিঙ্ক (Food Link) এবং এয়ারওয়ে বিল নম্বর ১৬০১২৭৪০০৯২।
কাস্টমসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান স্বর্ণ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।