বিশ্বকাপ ফাইনালে স্পেনকেই এগিয়ে রাখলেন রোনালদো নাজারিও

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা-স্পেন মহারণ নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তার মতে, ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতবে স্পেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, পুরো টুর্নামেন্টজুড়েই স্পেন ছিল অন্যতম শক্তিশালী দল এবং ফাইনালেও তারা নিজেদের আধিপত্য ধরে রাখবে।

তিনি বলেন, “আমার মনে হয় স্পেন জিতবে, এবং সহজেই জিতবে। শুরু থেকেই ফ্রান্সের পাশাপাশি তারাই ছিল অন্যতম ফেবারিট।”

রোনালদোর মতে, স্পেনের সাফল্যের মূল শক্তি তাদের দীর্ঘদিনের ফুটবল দর্শন ও ধারাবাহিকতা। তিনি বলেন, “স্পেন অসাধারণ ফুটবল খেলে। এটা তাদের ডিএনএর অংশ। তারা বহু বছর ধরেই এভাবে খেলছে। ছোটবেলা থেকেই তারা এই ফুটবল শিখে বড় হয়।”

তবে শিরোপার দৌড়ে স্পেনকে এগিয়ে রাখলেও এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্সের প্রশংসা করেছেন ব্রাজিলের এই কিংবদন্তি। বিশেষ করে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, আর্জেন্টিনা প্রতিকূল পরিস্থিতি জয় করার মানসিকতার অসাধারণ উদাহরণ দেখিয়েছে।

রোনালদোর ভাষায়, “এই বিশ্বকাপে তাদের গল্পটা সত্যিই দারুণ। তারা এমন একটি দল, যারা প্রতিকূলতা জয় করার মানসিকতা ও লড়াকু মনোভাবের দারুণ উদাহরণ। তবে স্পেন অনেক বেশি সংগঠিত। ম্যাচের প্রতিটি মুহূর্তে কী করতে হবে, তারা সেটা খুব ভালোভাবেই জানে।”

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এই মহারণকে ঘিরে ফুটবল বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা।

তাসনিম হোসেন