যে সিনেমা হলগুলোতে দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন ম্যাচ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৮:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ফাইনালের উত্তেজনা এবার স্টেডিয়াম বা ফ্যান জোনের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহেও। দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দিতে বাংলাদেশের কয়েকটি সিনেমা হলে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ।

বিশ্বকাপ চলাকালেই কয়েকটি প্রেক্ষাগৃহ নিয়মিত সিনেমার পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় পর্দায় প্রদর্শন করে দর্শকদের সাড়া পেয়েছে। সেই ধারাবাহিকতায় ফাইনাল উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ আয়োজন।

এবার নারায়ণগঞ্জের কাচপুরের চাঁদ মহল সিনেমা হল, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, সিলেটের বিজিবি সিনেমা হল, গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স এবং বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ।

আয়োজকদের দাবি, ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহ প্রত্যাশার চেয়েও বেশি। অনেকেই আগাম টিকিট সংগ্রহ করেছেন। বড় পর্দা, আধুনিক সাউন্ড সিস্টেম এবং শত শত ফুটবলপ্রেমীর সঙ্গে একসঙ্গে খেলা উপভোগের সুযোগ প্রেক্ষাগৃহগুলোতে উৎসবের আবহ তৈরি করেছে।

বাংলাদেশে সিনেমা হলে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট প্রদর্শনের ইতিহাসও রয়েছে। ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল রাজধানীর মধুমিতা সিনেমা হলে দেখানো হয়েছিল। এছাড়া ২০১৮ ও ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে বড় পর্দায় উপভোগ করেন দর্শকরা।

প্রেক্ষাগৃহ-সংশ্লিষ্টদের মতে, এমন আয়োজন শুধু ফুটবলপ্রেমীদের নতুন অভিজ্ঞতাই দিচ্ছে না, একই সঙ্গে সিনেমা হলগুলোতেও ফিরিয়ে আনছে উৎসবমুখর পরিবেশ। ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট ঘিরে এ ধরনের আয়োজন আরও বাড়তে পারে বলেও তারা আশা করছেন।

এদিকে মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিনে ইয়ামালের স্পেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উদ্বোধনী ও সমাপনী আয়োজনে অংশ নেবেন টম ক্রুজ, রবি উইলিয়ামস, লরা পাউসিনি, পোস্ট ম্যালোন, জেনিফার হাডসন, ক্রিস মার্টিন, ম্যাডোনা, জাস্টিন বিবার, বিটিএস ও শাকিরাসহ আন্তর্জাতিক অঙ্গনের একাধিক তারকা। ফলে বিশ্বকাপের ফাইনাল ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি থাকছে জমকালো বিনোদনের আয়োজনও।

তাসনিম হোসেন