ঘুষের প্রতিবাদ করায় রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ১১:৩৭ এএম

ছবি: প্রজন্ম ২৪

পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকিট পরীক্ষকের (টিটি) ঘুষ নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের এক শিক্ষার্থীকে উপর্যুপরি মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত টিটিকে অবিলম্বে হাজির ও আইনানুগ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সীমানার ওপর দিয়ে সব ধরণের ট্রেন চলাচল বন্ধের চরম হুঁশিয়ারি দিয়েছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

ভুক্তভোগী শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৬৭ ব্যাচ) ছাত্র। প্রাপ্ত তথ্যমতে, উক্ত শিক্ষার্থী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণকালে দেখতে পান যে দায়িত্বরত টিটি সরকারি কোনো প্রকার রসিদ প্রদান না করেই অবৈধভাবে অর্থ বা ঘুষের বিনিময়ে টিকিট ছাড়া যাত্রীদের ছেড়ে দিচ্ছেন। এই দৃশ্য দেখে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী অনিয়মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

অভিযোগ রয়েছে, শিক্ষার্থীটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টি-শার্ট পরিহিত থাকা সত্ত্বেও প্রতিবাদ করার অপরাধে উক্ত টিটি তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত এবং মারধর করেন। পরবর্তী সময়ে ঘটনাটি সমাধান করার লক্ষ্যে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট স্টেশনে পৌঁছালেও, ভুক্তভোগী শিক্ষার্থীকে তার গন্তব্যের আগের স্টেশনেই ট্রেন থেকে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়।

এই ন্যক্কারজনক ঘটনার প্রতিক্রিয়ায় রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার রেলওয়ে কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। তিনি সাফ জানান যে, অভিযুক্ত টিটি সুমনকে দ্রুত শিক্ষার্থীদের সামনে হাজির করতে হবে। তা না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরের রেললাইন দিয়ে কোনো ট্রেন চলতে দেওয়া হবে না।

সালাহউদ্দিন আম্মার বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে প্রহার করার পর আবার এই আঙিনার ওপর দিয়েই নির্বিঘ্নে ট্রেন চালানো কোনোভাবেই সম্ভব নয়। রেল কর্তৃপক্ষ যত দ্রুত অভিযুক্তকে নিয়ে এসে আইনি ব্যবস্থা গ্রহণ করবে, পরিস্থিতি তত দ্রুত শান্ত হবে।

অনাকাঙ্ক্ষিত এমন সিদ্ধান্তের কারণে সাধারণ যাত্রীদের সাময়িক যাতায়াতগত কষ্টের জন্য আন্তরিক দুঃখ ও ক্ষমা প্রকাশ করা হয়েছে। একই সাথে বার্তা দিয়ে বলা হয়, আজ যদি অন্যায়ের প্রতিবাদকারী কোনো শিক্ষার্থীর ওপর ঘটে যাওয়া এহেন তাণ্ডবকে প্রশ্রয় দেওয়া হয়, তবে ভবিষ্যতে যেকোনো সাধারণ নাগরিকের সাথেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।

তাসনিম হোসেন