বাংলাদেশ ও থাইল্যান্ডের যৌথ উদ্যোগে রয়্যাল থাই দূতাবাসের কমার্শিয়াল অ্যাফেয়ার্স অফিসের আয়োজনে আগামী ২৩ থেকে ২৫ জুলাই রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ মেলা।
রোববার (২০ জুলাই) সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও থাইল্যান্ডের প্রতিনিধিরা এ তথ্য জানান।
আয়োজকরা জানান, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি করাই এ মেলার মূল লক্ষ্য। এবারের প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এটি ‘টপ থাই ব্র্যান্ডস’ প্রদর্শনীর ২১তম আসর।
এবারের মেলায় ৫৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে শীর্ষস্থানীয় থাই কোম্পানি এবং তাদের বাংলাদেশি আমদানিকারক ও এজেন্টরা। প্রদর্শনীতে খাদ্য ও পানীয়, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা, ওয়েলনেস, ফ্যাশন, বিউটি ও কসমেটিকস, নির্মাণসামগ্রী, কেমিক্যাল ও লুব্রিকেন্ট, স্টেশনারি, বেবি ও কিডস কেয়ারসহ বিভিন্ন খাতের প্রিমিয়াম পণ্য প্রদর্শিত হবে।
মেলার অন্যতম আকর্ষণ ‘বিজনেস ম্যাচমেকিং সেশন’, যেখানে থাই কোম্পানিগুলো বাংলাদেশি আমদানিকারক, পরিবেশক, ব্যবসায়ী এবং সম্ভাব্য অংশীদারদের সঙ্গে সরাসরি বৈঠকের সুযোগ পাবে। আয়োজকদের মতে, এই উদ্যোগ দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে।
ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি তিন দিনব্যাপী এ আয়োজনে থাকবে থাই ঐতিহ্যবাহী নৃত্য, মুয়ে থাই (থাই বক্সিং) প্রদর্শনী, ফ্যাশন শো, র্যাফেল ড্র এবং বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান।
এছাড়া, প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজন করা হবে ‘থাই ফুড ফেস্টিভ্যাল’, যেখানে দর্শনার্থীরা আসল থাই খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পাবেন।
আগামী ২৩ জুলাই দুপুর ১টায় গ্র্যান্ড বলরুমে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।