ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন এমপি গাজী নজরুল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৭:১৭ পিএম

ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিও নিয়ে মুখ খুলেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। মঙ্গলবার (২১ জুলাই) এক লিখিত বিবৃতিতে তিনি দাবি করেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বিবৃতিতে গাজী নজরুল বলেন, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবা মাসুম বিল্লাহর ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে অবস্থানকালে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করে তাদের জিম্মি করে এক লাখ টাকা আদায় করে। পরে ভাড়াকৃত গাড়ি আটকে রেখে আরও কয়েক লাখ টাকা দাবি করা হয় এবং বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এমপির দাবি, ওই ঘটনার সময় তার ও দ্বিতীয় স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, এটি পরিকল্পিতভাবে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।

গাজী নজরুল আরও জানান, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে মরিয়াম বেগমের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। ফলে ভিডিওটিকে বিবাহবহির্ভূত সম্পর্ক হিসেবে প্রচার করার কোনো ভিত্তি নেই বলে তিনি দাবি করেন।

বিবৃতিতে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তাসনিম হোসেন