রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন। এরপর তিনি পরিবারসহ রাজধানীর গুলশানের নিজ বাসভবনে উঠবেন। শারীরিক অসুস্থতার কারণে শিগগিরই স্ত্রীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর অথবা ব্যাংককে চিকিৎসার জন্য যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
শনিবার (২৫ জুলাই) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মো. সাহাবুদ্দিন জানান, সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকেরা জটিল রোগের কারণে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ। তাই দুজন একসঙ্গেই চিকিৎসার জন্য বিদেশে যাবেন।
এর আগে শুক্রবার বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠান। পরে স্পিকার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।
২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। পাঁচ বছরের মেয়াদ থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে নির্ধারিত সময়ের প্রায় ২১ মাস আগেই তিনি পদত্যাগ করেন।
সাবেক রাষ্ট্রপতি জানান, কয়েক দিন ধরেই বঙ্গভবন থেকে তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে সরিয়ে নেওয়া হচ্ছিল। বাসভবনের সংস্কার ও পরিচ্ছন্নতার কাজও ইতোমধ্যে শেষ হয়েছে।
এদিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামী জাতীয় সংসদের অধিবেশনেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সংবিধান অনুযায়ী মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। বঙ্গভবন থেকেই তিনি রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। তবে বাসভবন হিসেবে সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবন ব্যবহার করবেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আজ সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন।