পটুয়াখালীর বাউফলে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার পদে অস্থায়ী নিয়োগ পরীক্ষা চলাকালে ভিডিও ধারণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার পদে অস্থায়ী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কয়েকজন পরীক্ষার্থী একে অপরের খাতা দেখে উত্তর লিখছেন—এমন অভিযোগ তুলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ হলরুমের বাইরে থেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
পরীক্ষা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল্লাহ আল ফাহাদ ও পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব সাদিকুজ্জামান রাকিবের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
আব্দুল্লাহ আল ফাহাদের দাবি, পরীক্ষার হলে অনিয়মের দৃশ্য ধারণ করায় ক্ষুব্ধ হয়ে রাকিব তার ওপর হামলা চালান। তবে অভিযোগ অস্বীকার করে সাদিকুজ্জামান রাকিব বলেন, ভিডিও ধারণের কারণে পরীক্ষার্থীদের অসুবিধা হয়েছে এবং বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ফাহাদই তার ওপর চড়াও হন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার মধ্যে তর্কাতর্কি ও সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।