মুন্সিগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০২:২১ পিএম

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

বুধবার গভীর রাতে উপজেলার গাওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে নিজ বাড়ির উঠানে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সোহেল মুন্সী ওই এলাকার মৃত ইসমাইল মুন্সীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন সোহেল। তার স্ত্রী সন্তানসহ পাশের ঘরে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ২টার দিকে বাড়ির উঠানে শব্দ শুনে পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে ওঠেন। পরে বাইরে গিয়ে তারা সোহেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এবং পাশেই তার মোটরসাইকেলটি আগুনে জ্বলতে দেখেন।

নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ঘর থেকে ডেকে নিয়ে বা জোরপূর্বক বাইরে এনে কুপিয়ে হত্যা করে। এরপর ঘটনাটি আড়াল করতে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা।

ঘটনার খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং তদন্ত শুরু করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

তাসনিম হোসেন