ঘুষ দিয়ে শিক্ষক নিয়োগ হলে শিক্ষার মান বাড়বে না: রিজভী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৯:৩১ এএম

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ঘুষের বিনিময়ে শিক্ষক নিয়োগ দেশের শিক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী। তিনি বলেন, অর্থের বিনিময়ে নিয়োগ পাওয়া শিক্ষকরা নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারেন না, ফলে দক্ষ ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা কঠিন হয়ে পড়ে।

শনিবার রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, পাঁচ থেকে দশ লাখ টাকা ঘুষ দিয়ে কেউ শিক্ষক হলে তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দিতে পারবেন না। এমন পরিস্থিতিতে দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন সম্ভব নয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার মতো দক্ষ নতুন প্রজন্ম গড়ে ওঠাও কঠিন হয়ে পড়ে।

রিজভী অতীতের শিক্ষকদের দায়িত্ববোধের কথা তুলে ধরে বলেন, আগে শিক্ষকরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকতেন না; শিক্ষার্থীদের ব্যক্তিগত খোঁজখবর রাখতেন এবং তাদের সুশিক্ষিত ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে আন্তরিক ভূমিকা পালন করতেন। কিন্তু বর্তমানে দ্রুত ধনী হওয়ার প্রবণতা সমাজে নৈতিক মূল্যবোধকে দুর্বল করে দিয়েছে, যার নেতিবাচক প্রভাব শিক্ষা ক্ষেত্রেও পড়েছে।

সমাজে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, নৈতিক অবক্ষয়ের কারণেই মাদক ব্যবসা বিস্তার লাভ করছে। সমাজে নৈতিকতার চর্চা শক্তিশালী থাকলে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের বিস্তার এত সহজে ঘটতে পারত না।

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পাঁচ থেকে দশ লাখ টাকা এবং মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পনেরো থেকে বিশ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে। অতীতে এমন পরিস্থিতি কল্পনাও করা যেত না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য যোগ্য, দক্ষ ও প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন শিক্ষক নিয়োগের কোনো বিকল্প নেই। একজন শিক্ষক যদি প্রকৃত অর্থে শিক্ষিত, অভিজ্ঞ ও আধুনিক প্রযুক্তিতে পারদর্শী না হন, তাহলে শিক্ষার্থীদের আলোকিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। বক্তব্যের শেষদিকে তিনি বলেন, ‘কাগজের নৌকা দিয়ে কখনো নদী পার হওয়া যায় না।’

 
 

তাসনিম হোসেন