বৃষ্টিতে ৩০০ ফুট নিচে গড়িয়ে আহত বন্য মা হাতি, ভেঙেছে দুই পা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৯:৫০ এএম

কক্সবাজারের টেকনাফে টানা বর্ষণের মধ্যে পাহাড় থেকে প্রায় ৩০০ ফুট নিচে গড়িয়ে গুরুতর আহত হয়েছে একটি বন্য মা হাতি। দুর্ঘটনায় হাতিটির পেছনের দুটি পা ভেঙে গেছে এবং পেটে গভীর ক্ষত হয়েছে। ঘটনাস্থলেই বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকেরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যাংপাড়ার শিয়াল্যাঘোনা পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, হাতিটির বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। ওই পাহাড়ে এশীয় প্রজাতির অন্তত ২৩টি বন্য হাতির বিচরণ রয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, পাহাড়ের চূড়ায় খাবার সংগ্রহের সময় টানা বৃষ্টিতে নরম হয়ে যাওয়া মাটি ধসে পড়ায় হাতিটি ভারসাম্য হারিয়ে প্রায় ৩০০ ফুট নিচে গড়িয়ে পড়ে। নিচে নামার সময় বিভিন্ন গাছের সঙ্গে ধাক্কা লেগে তার পেছনের দুটি পা ভেঙে যায় এবং পেটে গুরুতর আঘাত লাগে। আঘাতের কারণে হাতিটি বর্তমানে দাঁড়াতে বা চলাফেরা করতে পারছে না।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, আহত হাতিটির জীবন রক্ষায় টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের চিকিৎসকেরা জরুরি চিকিৎসা দিচ্ছেন। তিনি বলেন, হাতিটিকে প্রায়ই নেটং পাহাড় ও পাশের দমদমিয়া পাহাড়ি এলাকায় দেখা যেত। শনিবার দুপুরে নেটং পাহাড়ে ওঠার পর পা পিছলে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, হাতিটি গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। সামান্য নড়াচড়া করতে পারলেও উঠে দাঁড়াতে পারছে না। দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করায় আপাতত তাকে অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ নেই।

তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক থেকে অভিজ্ঞ প্রাণিচিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল টেকনাফে আনা হচ্ছে। বন বিভাগ সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং হাতিটিকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তাসনিম হোসেন