আজ বিকালেই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে যাচ্ছেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে। পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বঙ্গভবন সূত্র জানায়, থাইল্যান্ড সফর শেষে দেশে ফেরা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি তাঁর স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেবেন।

মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।

তাঁর দায়িত্বকালেই দেশের রাজনীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এ সময় গণঅভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করানো একমাত্র রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তাঁর পদত্যাগের দাবি বিভিন্ন মহল থেকে ওঠে। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানান।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাঁকে স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হয়।

রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

 
 
 

তাসনিম হোসেন