প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে কুড়িগ্রামের দুই বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০২:১৯ এএম

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান। এ আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়চৌধুরীর নেতৃত্বে জেলার মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (ফুলবাড়ী) এবং দোবাইড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় (কুড়িগ্রাম সদর) জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করে।

এ বছর প্রাথমিক শিক্ষায় সাফল্য, উদ্ভাবন ও প্রতিভার স্বীকৃতি হিসেবে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, গল্প বলা ও বিতর্ক প্রতিযোগিতায় ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এসব প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরাদের হাতে তুলে দেওয়া হয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও সম্মাননা প্রদান করা হয়। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান এ সম্মাননা লাভ করে।

কুড়িগ্রাম থেকে মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দোবাইড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন করে মোট চারজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের এ আয়োজনে অংশগ্রহণের সুযোগ পায়। এছাড়া দোবাইড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পাশাপাশি দেশের ৬৪ জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবনী কর্মকাণ্ড ও সফলতা তুলে ধরা হয়। প্রদর্শনী স্টলে স্কুল ফিডিং, আনন্দময় শিক্ষা, ডিজিটাল শিক্ষা এবং ফাউন্ডেশনাল লার্নিং (এফএলএন)-সহ প্রাথমিক শিক্ষার নানা কার্যক্রম উপস্থাপন করা হয়।

জাতীয় পর্যায়ে অংশগ্রহণের এ সাফল্যে মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

তাসনিম হোসেন