কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ কর্তৃক ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধার শিকার হয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। দিল্লি বিমানবন্দরে দীর্ঘ আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর পরবর্তী সময়ে উচ্চ মহলের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি আর দিল্লিতে প্রবেশ করেননি।
অভিমান ও ক্ষোভ ক্ষোভ নিয়ে তিনি কলম্বো হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ সোমবার (১৫ জুন) দুপুর ১২টার আগে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। এই লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবারই আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সব তথ্য জানিয়েছিল। কিন্তু রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাঁকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে এবং প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না তা স্পষ্ট করেনি।
এমন পরিস্থিতিতে জাহেদ উর রহমান নিজেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং গতকাল রাতেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলম্বোর উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করেন। আজ ভোরে কলম্বো পৌঁছানোর পর সকাল আটটার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। কলম্বো থেকে বাংলাদেশ হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে ঢাকায় সরকারি সূত্রে জানা গেছে, দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার প্রবেশে বাধা দেওয়ার এই নজিরবিহীন ঘটনাটি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। সেখানে গতকাল ঠিক কী ঘটেছিল এবং কেন এমন আচরণ করা হলো, তা জানার পর সরকারের পক্ষ থেকে পরবর্তী করণীয় ঠিক করা হবে।