সাত শিল্পোন্নত দেশের জোটের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মজার মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ‘মেলোদি’ মুহূর্তের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারাই নাকি সবচেয়ে জনপ্রিয় জুটি।
ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের এক পর্যায়ে ধারণ করা একটি ভিডিওতে জর্জিয়া মেলোনিকে হাস্যরসের ছলে নরেন্দ্র মোদিকে বলতে শোনা যায়, “আমরাই কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে জনপ্রিয় জুটি।” তার এই মন্তব্যে দুজনকেই প্রাণখোলা হাসিতে মেতে উঠতে দেখা যায়।
দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলন ও দ্বিপক্ষীয় বৈঠকে মোদি ও মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আলোচনায় এসেছে। তাঁদের আন্তরিকতা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।
‘মেলোদি’ শব্দটির উৎপত্তি হয় ইতালির প্রধানমন্ত্রী মেলোনি এবং ভারতের প্রধানমন্ত্রী মোদির নামের অংশ মিলিয়ে। এই নামটি প্রথম জনপ্রিয়তা পায় গত মে মাসে মোদির ইতালি সফরের সময়।
সফরকালে মোদি বিশেষ একটি মিষ্টি উপহার হিসেবে মেলোনির হাতে তুলে দেন। সেই মুহূর্তের ভিডিও দুই নেতা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে মেলোনিকে উপহার পাওয়া মিষ্টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই এটি কোটি কোটি মানুষের নজর কাড়ে।
বর্তমানে ‘মেলোদি’ শুধু দুই নেতার ব্যক্তিগত বন্ধুত্বের প্রতীক নয়, বরং ভারত ও ইতালির ঘনিষ্ঠ সম্পর্কেরও একটি পরিচিত প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কও ক্রমেই শক্তিশালী হচ্ছে। যৌথ কর্মপরিকল্পনার আওতায় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, পরিচ্ছন্ন জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থনৈতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারত ও ইতালির দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৬ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি ভারতে ইতালির প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে এবারের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতারা বৈশ্বিক মাদক পাচার, অর্থপাচার এবং আন্তদেশীয় সংগঠিত অপরাধ দমনে আরও সমন্বিত উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছেন। এ লক্ষ্যে সামুদ্রিক নিরাপত্তা জোরদার, অপরাধী চক্রের অর্থায়ন বন্ধ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন তারা।