সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে টানা তৃতীয় বছরের মতো ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ঘটনা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে, যার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে।
জাতিসংঘের শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে সশস্ত্র সংঘাতের কারণে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর ২৪ হাজার ১৭৪ জন শিশুর বিরুদ্ধে মোট ৩৮ হাজার ৫৫৮টি গুরুতর লঙ্ঘনের ঘটনা যাচাই করেছে জাতিসংঘ। ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৫ হাজার ৪৯৩ জন ছেলে, ৭ হাজার ৯৯০ জন মেয়ে এবং ৬৯১ জনের লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।
জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক এই পর্যবেক্ষণ কার্যক্রমের ৩০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি বাহিনীগুলো শিশুদের বিরুদ্ধে সবচেয়ে বেশি গুরুতর লঙ্ঘনের জন্য দায়ী হিসেবে চিহ্নিত হয়েছে। সরকারি বাহিনীগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ইসরায়েলি বাহিনী। এর পরেই রয়েছে রাশিয়ার বাহিনী।
প্রতিবেদনে বলা হয়েছে, আগের বছরের তুলনায় শিশু নিহত হওয়ার ঘটনা ৩৪ শতাংশ এবং আহত হওয়ার ঘটনা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি গুরুতর লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে, যেখানে এমন ঘটনার সংখ্যা ১২ হাজার ৪৪৫।
এ ছাড়া ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ৪ হাজার ১১৪টি, নাইজেরিয়ায় ২ হাজার ৫৬০টি, মিয়ানমারে ২ হাজার ২০৩টি এবং সোমালিয়ায় ২ হাজার ১৯৫টি গুরুতর লঙ্ঘনের ঘটনা যাচাই করা হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সংঘাতের কারণে ৬ হাজার ২৬৬ শিশু নিহত হয়েছে এবং ৭ হাজার ৯৫৮ জন আহত হয়েছে। পাশাপাশি ৬ হাজার ৬০৭ শিশুকে সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগ করা হয়েছে, ৮ হাজার ৩২২ জন শিশু মানবিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছে এবং ৪ হাজার ৫৭৩ জন শিশুকে অপহরণ করা হয়েছে।
প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে শিশুদের বিরুদ্ধে সংঘটিত ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। বিশেষ করে গাজা উপত্যকায় চলমান পরিস্থিতি এবং পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে বাড়তে থাকা সহিংসতা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, গাজায় শিশুদের বিরুদ্ধে চলমান গুরুতর লঙ্ঘনের মাত্রা অত্যন্ত উদ্বেগজনক এবং এ পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় ধরনের সতর্কবার্তা।