যুক্তরাজ্যে আওয়ামী লীগের তোপের মুখে হাসনাত আবদুল্লাহ, ‘মধ্যমা’ প্রদর্শনের ছবি ভাইরাল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৩:০০ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়নে অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ বা মধ্যমা প্রদর্শনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগ সমর্থকদের তোপের মুখে পড়ে গাড়ির ভেতর থেকে তিনি এই অঙ্গভঙ্গি করেন।

জানা গেছে, রোববার (১৪ জুন) সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ‘ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান এবং বিপ্লব-পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।

আলোচনা শেষে অক্সফোর্ড থেকে বের হলে যুক্তরাজ্যের আওয়ামী লীগ সমর্থকদের তোপের মুখে পড়েন হাসনাত আবদুল্লাহ। সেখানে তারা হাসনাতকে উদ্দেশ্য করে নানা স্লোগান দিতে থাকেন। এ সময় গাড়িতে বসে হাসনাত আবদুল্লাহর মধ্যমা প্রদর্শনের একটি ছবি ধারণ করা হয়, যা মুহূর্তের মধ্যেই ফেসবুকে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের একাংশ এটিকে ‘ফ্যাসিবিরোধী প্রতিবাদ’ ও সাহসী পদক্ষেপ হিসেবে আখ্যা দিলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন সংসদ সদস্যের এমন অঙ্গভঙ্গি কতটুকু সমীচীন, তা নিয়ে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক চলছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত হাসনাত আবদুল্লাহ বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তাসনিম হোসেন