ইরানের পরমাণু অস্ত্র থাকলে ২ ঘণ্টাও টিকত না ইসরায়েল: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম

ফাইল ছবি

ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।

রোববার (১৪ জুন) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ট্রাম্প এসব চাঞ্চল্যকর মন্তব্য করেন। ইরানের সঙ্গে একটি নতুন সমঝোতা ঘোষণার পরপরই মার্কিন প্রেসিডেন্ট এই সাক্ষাৎকার দেন। হোয়াইট হাউস থেকে দেওয়া প্রায় ২৮ মিনিটের এই টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেন, "নেতানিয়াহু একজন জটিল প্রকৃতির ও খুবই কঠিন মানুষ।" লেবাননে ইসরায়েলের উপর্যুপরি হামলার কারণে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই চূড়ান্ত শান্তিচুক্তিটি প্রায় ভেঙে যেতে বসেছিল বলে ট্রাম্প অভিযোগ করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, "সত্যি বলতে কী, এই কাজের জন্য নেতানিয়াহুর আমাদের প্রতি খুবই কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের যদি একটি পরমাণু অস্ত্র থাকত, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না।" তিনি দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও তিনি দেশটিকে 'পারমাণবিক ধ্বংসের' হাত থেকে রক্ষা করেছেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেছেন যে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চালানো ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাই তাদের আলোচনার টেবিলে বসতে এবং এই সমঝোতায় রাজি হতে বাধ্য করেছে। ইরানিরা মূলত তৃতীয় কোনো হামলা চায়নি এবং তারা নিজেদের জীবন বাঁচাতে চেয়েছে। ট্রাম্প জোর দিয়ে বলেন, "আসল কথা হলো, আমাদের চালানো ওই হামলাগুলো এই চুক্তিটি সম্পন্ন করার ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলেছে, সত্যিই এক শক্তিশালী ভূমিকা রেখেছে।" তবে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই চূড়ান্ত সমঝোতা শেষ পর্যন্ত ব্যর্থ হলে, যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে আবারও ইরানে সামরিক হামলা চালাবে এবং মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব আরও জোরালো করবে বলে সতর্ক করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তাসনিম হোসেন