চুক্তি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৫:০৬ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নতুন চুক্তি উপেক্ষা করে লেবানন জুড়ে একযোগে চর্তুমুখী সিরিজ সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তেহরানের পক্ষ থেকে চুক্তিতে লেবাননে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের শর্ত থাকার কথা জানানো হলেও তা পুরোপুরি তোয়াক্কা করেনি তেল আবিব। সোমবার (১৫ জুন) লেবাননের সরকারি বার্তা সংস্থার বরাতে এই হামলার খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সির বিবরণ অনুযায়ী, দক্ষিণ লেবাননের খিয়াম শহরে দুটি পৃথক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়া কাফার তিবনিত অঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়, যাতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এর পাশাপাশি কাফার তিবনিত ও নাবাতিহ আল-ফাওকা এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক গোলন্দাজ বা কামান থেকে চর্তুমুখী শেলবর্ষণ করেছে।




প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর টায়ারের দিকে চলে যাওয়া হারিস-তিবনিক সড়কে ইসরায়েলি সেনারা রিমোট কন্ট্রোলের সাহায্যে দূর থেকে নিয়ন্ত্রিত একটি বিস্ফোরক বোঝাই এম১১৩ সাঁজোয়া যানের বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এদিকে ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছেন যে—ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চুক্তিতে লেবানন সংক্রান্ত যে সমস্ত ধারা বা শর্ত রয়েছে, তা মানতে ইসরায়েল কোনোভাবেই বাধ্য নয়।

তাসনিম হোসেন