চীন সফরের শেষ দিনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ শুরু হওয়া এই বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় প্রাধান্য পাচ্ছে।
বৈঠক শুরুর প্রাক্কালে দুই দেশের শীর্ষ নেতা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সাথেও একটি ফলপ্রসূ বৈঠক করেন।
দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রধানমন্ত্রী বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত 'মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ' পরিদর্শন করেন। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সাথে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ উচ্চপর্যায়ের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।