১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়াগো ম্যারাডোনার সেই ঐতিহাসিক ও বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ ম্যাচে ব্যবহৃত বলটি এবার নিলামে উঠছে। ফুটবল ইতিহাসের অন্যতম আকাঙ্ক্ষিত এই স্মারকটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ কোটি টাকা।
কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার হাত দিয়ে করা গোলটি ফুটবল ইতিহাসে অমর হয়ে আছে। আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশনস’ এই বলটিকে বিশ্বজুড়ে ক্রীড়া সংগ্রাহকদের জন্য ‘হলি গ্রেইল’ বা সবচেয়ে মূল্যবান স্মারক হিসেবে বর্ণনা করেছে।
প্রতিষ্ঠানটির ধারণা, ২০২২ সালে একই ম্যাচে ম্যারাডোনার পরিহিত জার্সির মতোই এই বলটির দামও নিলামে আকাশছোঁয়া হতে পারে। উল্লেখ্য, ম্যারাডোনার সেই ঐতিহাসিক জার্সিটি রেকর্ড ৯২ লাখ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৩ কোটি টাকা) বিক্রি হয়েছিল।
তবে হেরিটেজ অকশনসের বিশেষজ্ঞ নিলামকারী মাইক প্রোভেনজালে বলটির চূড়ান্ত বিক্রিমূল্য নিয়ে সুনির্দিষ্ট কোনো পূর্বাভাস দিতে রাজি হননি। বলটির অনন্য ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ফুটবল বিশ্বে এটির সঙ্গে তুলনা করার মতো আর কোনো বস্তু নেই। এটি সত্যিকার অর্থেই একক এবং অনন্য। নিঃসন্দেহে এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মারকগুলোর একটি।”