আজ থেকে শুরু হয়েছে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাস। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে পরবর্তী সময়ে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেওয়া সেই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে আজ বুধবার (১ জুলাই) থেকে দেশজুড়ে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু করেছে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য’ গড়ে তোলা এবং জুলাইয়ের শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ১ জুলাইয়ের প্রথম প্রহরে (৩০ জুন দিবাগত মধ্যরাতে) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় শহীদ মিনারের বেদিতে মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ছাত্রদলের হাজারো নেতাকর্মী।
জামায়াতে ইসলামীর মাসব্যাপী কর্মসূচি ও গণমিছিল
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ২ থেকে ৯ জুলাই পর্যন্ত রাজধানীতে গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময় এবং স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ১৬ জুলাই ‘শহীদ দিবস’ উপলক্ষে ঢাকার উত্তর ও দক্ষিণ মহানগরীর উদ্যোগে পৃথক আলোচনা সভা এবং ১৮ থেকে ৩১ জুলাই সারা দেশে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করা হবে। আগামী ১ আগস্ট মহানগর, জেলা ও উপজেলায় দলটির পক্ষ থেকে গণমিছিলের ডাক দেওয়া হয়েছে। ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের বিভিন্ন কর্মসূচি শেষে আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে’ ১১ দলের উদ্যোগে আয়োজিত রাজধানীসহ সারা দেশের সমাবেশ ও মিছিলে জামায়াত পূর্ণ সমর্থন ও অংশগ্রহণ করবে।
এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’
‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগান সামনে রেখে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচির প্রথম দিনে বুধবার সকালে দলটির শীর্ষ নেতারা ঢাকার রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত করেন এবং বিকেলে ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠনগুলোর সংহতি সভার আয়োজন করা হয়। এনসিপির ঘোষণা অনুযায়ী, আগামী ২ থেকে ৮ জুলাই পর্যন্ত দেশব্যাপী গ্রাফিতি অঙ্কন, দেয়াললিখন, ব্যানার-ফেস্টুন প্রদর্শন ও পদযাত্রাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করবে দলটি।
২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া এই রক্তক্ষয়ী ছাত্র-আন্দোলন একপর্যায়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সরকারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং দীর্ঘ সংঘাতের পর ৫ আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই ঐতিহাসিক দিনগুলোকে স্মরণ রাখতেই মূলত বছর ঘুরে রাজনৈতিক দলগুলো এই জুলাই মাসজুড়ে নানা কর্মসূচি পালন করছে।