খামেনির শেষকৃ্ত্য অনুষ্ঠানে হামলা হলে কোনো ছাড় নয়: ইরান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ না নেওয়ার কঠোর সতর্কবার্তা দিয়েছেন দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি বলেন, ইরানের ওপর যেকোনো হামলার জবাবে সশস্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের কমান্ডার আলী আবদোল্লাহি বলেন, ইরানের শত্রুরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাব শক্তভাবে দেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

এদিকে, যুদ্ধের প্রথম দিন বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষবিদায়ের প্রস্তুতি চলছে। আগামী ৪ জুলাই তেহরানে তাঁর শেষযাত্রা শুরু হবে। পরে ৯ জুলাই জন্মস্থান মাশহাদে তাঁকে দাফন করা হবে। এ ছাড়া কুম শহর ও ইরাকেও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এর আগে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইরানের জনগণ বা নেতৃত্বকে লক্ষ্য করে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক ও কঠোরভাবে দেওয়া হবে।

শেষকৃত্যকে ঘিরে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি তেহরান, মাশহাদসহ কয়েকটি শহরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এদিকে, হরমুজ প্রণালি নিয়েও নতুন সতর্কতা জারি করেছে ইরানের সামরিক সদরদপ্তর। তাদের দাবি, সব বাণিজ্যিক জাহাজকে ইরান নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামরিক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের জবাবে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তাদের ভাষ্য, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা ইরানের সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান অগ্রাধিকার।

 

তাসনিম হোসেন