বাংলা কিউআর লেনদেনে সেবা ফি কে দেবে, জানাল বাংলাদেশ ব্যাংক

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম

বাংলা কিউআর কোডের মাধ্যমে অর্থ পরিশোধে সেবা ফি হিসেবে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এই অর্থ গ্রাহকের কাছ থেকে কাটা হবে না, বরং তা দোকানদারের প্রাপ্য অর্থ থেকে সমন্বয় করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআর ব্যবহার করে পণ্যের মূল্য পরিশোধ করলে ক্রেতাকে অতিরিক্ত কোনো অর্থ দিতে হবে না। তিনি যে পরিমাণ টাকা পরিশোধ করবেন, ঠিক সেই পরিমাণ অর্থই তাঁর ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার হিসাব থেকে কাটা হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সেবা ফি হিসেবে নির্ধারিত ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট দোকানদারের প্রাপ্য অর্থ থেকে কেটে রাখা হবে। ফলে ওই অর্থ সংশ্লিষ্ট অর্থগ্রহণকারী ব্যাংক বা পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান পাবে।

উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ক্রেতা যদি ১ হাজার টাকার পণ্য কিনে বাংলা কিউআর কোডের মাধ্যমে মূল্য পরিশোধ করেন, তাহলে তাঁর হিসাব থেকে পুরো ১ হাজার টাকাই কাটা হবে। তবে দোকানদারের হিসাবে জমা হবে প্রায় ৯৯০ টাকা। অবশিষ্ট প্রায় ১০ টাকা সেবা ফি হিসেবে কেটে নেওয়া হবে।

এদিকে, ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় করতে অর্থগ্রহণকারী ব্যাংক বা সেবাদানকারী প্রতিষ্ঠান চাইলে নিজস্ব প্রচারমূলক কর্মসূচির আওতায় এই সেবা ফি কমাতে বা সম্পূর্ণ নিজ উদ্যোগে বহন করতে পারবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

তাসনিম হোসেন