বিশ্বকাপ জিতলেই চাঁদে যাবে মার্কিন ফুটবল! নাসার অবিশ্বাস্য ঘোষণা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ফুটবল দলের জন্য এবার বিশ্বকাপ জয়ের পুরস্কার শুধু ট্রফি আর পদকেই সীমাবদ্ধ থাকছে না; অপেক্ষা করছে এক মহাজাগতিক চমক। মার্কিন যুক্তরাষ্ট্র যদি চলতি ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে, তবে তাদের একটি ফুটবলকে চাঁদে পাঠানো হবে! মার্কিন ফুটবল দলকে এমনই এক অবিশ্বাস্য ও রোমাঞ্চকর প্রতিশ্রুতি দিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)।

চাঁদে স্থায়ী মানব ঘাঁটি তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই অভিনব ঘোষণা দেন নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যান। মার্কিন ফুটবলারদের মনে বাড়তি অনুপ্রেরণা জোগাতে তিনি সরাসরি বার্তা দিয়ে বলেন, "চ্যালেঞ্জটা এখন সম্পূর্ণ তোমাদের নিজেদের পায়ে। তোমরা শুধু মাঠে নেমে বিশ্বকাপটা জিতে দেখাও, বাকি ইতিহাস গড়ার দায়িত্ব আমাদের মহাকাশ বিজ্ঞানীদের।"

বিশ্বকাপের এই উন্মাদনাকে স্মরণীয় করে রাখতে নাসা ইতোমধ্যে ফুটবলের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা ফিফার একটি অফিসিয়াল বল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠিয়েছে। তবে আইজ্যাকম্যান স্পষ্ট করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি সত্যিই বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরতে পারে, তবে সেই ফুটবলটি মহাকাশ স্টেশন ছাড়িয়ে আরও অনেক দূরে—সরাসরি চাঁদের মাটিতে নিয়ে যাওয়া হবে।

এই প্রসঙ্গে তিনি ১৯৭১ সালের ঐতিহাসিক ‘অ্যাপোলো-১৪’ চন্দ্র অভিযানের কথা স্মরণ করেন। সে সময় মহাকাশচারী অ্যালান শেপার্ড চাঁদের বুকে গলফ ক্লাব দিয়ে কয়েকটি শট মেরে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছিলেন। নাসাপ্রধান বলেন, "আমরা এবার অ্যালান শেপার্ডের সেই কীর্তিকেও ছাড়িয়ে যেতে চাই। আমরা চাঁদের মাটিতে একটি ফুটবল নিয়ে যাব।" তবে এটি কেবল প্রতীকী কোনো সফর হবে না। নাসার পরিকল্পিত চন্দ্র ঘাঁটির জন্য ভবিষ্যতে যেসব অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি মহাকাশে পাঠানো হবে, এই ফুটবলটিকেও সেই বিশেষ পেলোডের অংশ হিসেবেই রকেটে তোলা হবে।

মাঠের লড়াইয়ে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র নাসার এই মহাজাগতিক পুরস্কারের হাতছানি পেলেও শিরোপা জয়ের মূল মঞ্চে পৌঁছাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখনো অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। তবে সেই লক্ষ্যের দিকে একধাপ এগিয়ে গেছে তারা। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে অনুষ্ঠিত শেষ বত্রিশের নকআউট ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

ম্যাচের ৪৫ ও ৮২ মিনিটে দলের হয়ে জয়সূচক গোল দুটি করেন ফোলারিন বালোগান ও মালিক টিলমান। ম্যাচের ৬৪ মিনিটে গোলদাতা বালোগান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় যুক্তরাষ্ট্র। তবে সেই চাপ সামলে ঠিকই জয় তুলে নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে তারা। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় সিয়াটলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী বেলজিয়ামের মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র।

তাসনিম হোসেন