সৌদি আরবে ভ্রমণ আরও সহজ করতে বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ প্যাকেজ ও ই-ভিসা সুবিধা চালু করেছে সৌদি সরকার। গতকাল শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই বিশেষ সুবিধার জন্য বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান এবং মেক্সিকোকে নির্বাচিত করা হয়েছে।
এই কর্মসূচির অধীনে ভ্রমণকারীরা একটি সমন্বিত বুকিংয়ের মাধ্যমেই তাদের পুরো ভ্রমণের ব্যবস্থা করতে পারবেন। এর ফলে আলাদাভাবে দূতাবাসে গিয়ে ভিসার আবেদনের প্রয়োজন হবে না। অনুমোদনপ্রাপ্ত ট্রাভেল এজেন্সি ‘রিজারভাল’ ও ‘আলমোসাফের’-এর মাধ্যমে বুকিং করার সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে ইমেইলের মাধ্যমে ইলেকট্রনিক ভিসা, ভ্রমণ বীমা ও প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যাবে। এই ভিসার মেয়াদ থাকবে তিন মাস। ভিসাটি দিয়ে একবার সৌদি আরবে প্রবেশ করে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করা যাবে।
প্যাকেজ মূল্য ও ভিসা ফি
প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,০০০ সৌদি রিয়াল। এর সাথে প্রতি অতিরিক্ত দিনের জন্য ১,০০০ সৌদি রিয়াল যোগ হবে। এছাড়া ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২.২১ সৌদি রিয়াল।
উমরাহ ও স্বাধীন ভ্রমণ সুবিধা
সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, এই প্যাকেজের মধ্যে মক্কা বা মদিনার উমরাহ-সংক্রান্ত কোনো বিশেষ পরিষেবা অন্তর্ভুক্ত নেই। তবে ভিসাধারীরা সৌদি আরবে পৌঁছানোর পর মক্কা ও মদিনাসহ দেশটির যেকোনো স্থানে স্বাধীনভাবে ভ্রমণ করতে পারবেন। এছাড়া ভ্রমণকারীরা তাদের বুকিংয়ের সঙ্গে যেকোনো ইভেন্টের টিকিট বা বিনোদনমূলক অভিজ্ঞতা যোগ করার সুযোগ পাবেন। পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতায় আরও দেশের নাম যুক্ত করা হবে বলেও জানানো হয়েছে।