ইরান সর্বাত্মক আত্মরক্ষার জন্য প্রস্তুত: গালিবাফ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ১১:১৩ এএম

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও তীব্র উত্তেজনা কখনোই তেহরানের আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে গালিবাফ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি যেকোনো সময় দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারক (এমওইউ) ভঙ্গ করে বা তা থেকে সরে আসে, তবে ইরান সর্বাত্মকভাবে আত্মরক্ষার জন্য প্রস্তুত। তিনি বলেন, "আমরা দৃঢ়ভাবে দাঁড়াব এবং ইরানের জনগণের অধিকার রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেব।"

'ইরান কখনো আত্মসমর্পণ করবে না'

চলমান যুদ্ধ ও সংঘাতময় পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইরানি স্পিকার উল্লেখ করেন, এই মুহূর্তে যুদ্ধের অবসান ঘটানো পুরো বিশ্ববাসীর কাছে বড় অগ্রাধিকার হতে পারে। তবে সবাইকে একটা বিষয় স্পষ্ট বুঝতে হবে যে, ইরান কখনো কারও কাছে মাথা নত করবে না। এই সংঘাত কখনোই ইরানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হওয়ার নয়।

মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপট টেনে গালিবাফ বিশ্বের সব মুসলিম দেশের প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অন্যায্য আগ্রাসনের বিরুদ্ধে এই মুহূর্তে সব মুসলিম রাষ্ট্রের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানো উচিত।

তাসনিম হোসেন