ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের খোয়াই, মনু ও কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। এর মধ্যে সুনামগঞ্জের মারকুলি এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এছাড়া সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা এবং ভুগাই-কংস নদীর পানিও কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে।
ঝুঁকিতে আরও ৮ জেলা
সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সাতটি জেলা বন্যাকবলিত অবস্থায় রয়েছে। হবিগঞ্জ ও মৌলভীবাজারে ইতোমধ্যে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানি বাড়তে থাকায় আগামী ২৪ ঘণ্টায় আরও আটটি জেলা নতুন করে বন্যার ঝুঁকিতে পড়তে পারে। এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জকে সর্বোচ্চ ঝুঁকিতে থাকা জেলার তালিকায় রাখা হয়েছে।