২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে জাপান। ম্যাচ শেষে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় প্রকাশ্যে মাথা নত করে ক্ষমা চেয়েছেন দলটির প্রধান কোচ হাজিমে মোরিয়াসু।
মঙ্গলবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ম্যাচ শেষে হিউস্টনের মাঠে খেলোয়াড়দের একত্র করে মোরিয়াসু বলেন, ‘আমরা সবাইকে এই জয় উপহার দিতে পারিনি। একজন কোচ হিসেবে আমি মনে করি এর দায় আমার। এজন্য আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই।’
তিনি আরও বলেন, ‘স্টেডিয়ামে উপস্থিত হাজারো জাপানি সমর্থক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে গভীর রাত জেগে যারা আমাদের সমর্থন করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
ম্যাচে প্রথমার্ধে কাইশু সানোর গোলে এগিয়ে গিয়েছিল জাপান। তবে দ্বিতীয়ার্ধে কাসেমিরোর হেডে সমতায় ফেরে ব্রাজিল। অতিরিক্ত সময়ের যোগ করা পঞ্চম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শেষ বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়েন জাপানের ফুটবলাররা। মাঠ ছাড়ার আগে মোরিয়াসু সব খেলোয়াড়কে নিয়ে মাঠের মাঝখানে একটি বৃত্ত তৈরি করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে তিনি মাথা নত করলে খেলোয়াড়রা করতালির মাধ্যমে তাকে সম্মান জানান।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘এখানেই আমাদের বিশ্বকাপ যাত্রার সমাপ্তি। ফলটি হতাশাজনক হলেও খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। কোচিং স্টাফ ও সহায়ক দলের সবাই নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। আমরা আমাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েছি। এই হতাশাকে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রেরণায় পরিণত করতে চাই।’
২০১৮ বিশ্বকাপের পর থেকে টানা আট বছর ধরে জাপান জাতীয় দলের দায়িত্বে রয়েছেন মোরিয়াসু।
চলতি বিশ্বকাপে জাপান একটি জয়, দুটি ড্র ও একটি হার নিয়ে অভিযান শেষ করল। বিশ্বকাপের নকআউট পর্বে এখনো কোনো ম্যাচ জয়ের স্বাদ পায়নি দলটি।
অন্যদিকে, ব্রাজিল শেষ ষোলোর প্রতিপক্ষ হিসেবে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ীর অপেক্ষায় রয়েছে।