চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় দিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করায় দেশজুড়ে এক দিনের জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।
বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বোস্টনে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় ছিল দুই দল। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে জার্মানিকে বিদায় করে দেয় প্যারাগুয়ে।
এই জয় প্যারাগুয়ের জন্য শুধু একটি ম্যাচ জেতা নয়, দীর্ঘ অপেক্ষার অবসানও। ২০১৪, ২০১৮ ও ২০২২—টানা তিনটি বিশ্বকাপে খেলতে না পারার পর এক যুগ পর বিশ্বকাপে ফিরে প্রথম নকআউট ম্যাচেই জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়েছে দলটি।
এটি ছিল পুরোনো এক হিসাব চুকিয়ে দেওয়ারও উপলক্ষ। ২০০২ বিশ্বকাপের শেষ ষোলোতে জার্মানির কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল প্যারাগুয়ে। ২৪ বছর পর সেই আক্ষেপ ঘুচিয়েছে তারা।
ঐতিহাসিক জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাতীয় ছুটির আদেশে স্বাক্ষর করার ছবি প্রকাশ করেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। তিনি লেখেন, ‘আজ পুরো দেশ আনন্দে ভাসছে।’
আরও এক বার্তায় তিনি বলেন, এই জয় এমন একটি দলের, যারা জাতির সাহস, বিশ্বাস ও অদম্য মানসিকতার প্রতীক হয়ে উঠেছে।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, এই সাফল্য শুধু ক্রীড়াঙ্গনের নয়, পুরো জাতির গর্ব। তাই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপনের সুযোগ করে দিতেই এক দিনের জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বিশ্বকাপে জার্মানিকে হারানোর পর জাতীয় ছুটি ঘোষণা করা দ্বিতীয় দক্ষিণ আমেরিকার দেশ হলো প্যারাগুয়ে। এর আগে গ্রুপ পর্বে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করার পর ইকুয়েডরেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।