বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের বারান্দার ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরোনো ভবনটির বিভিন্ন স্থানে ফাটল থাকায় নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা জজ আদালতের কচুয়া আদালতের এজলাসের সামনের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ছাদের একটি অংশের পলেস্তারা খসে নিচে দাঁড়িয়ে থাকা বিচারপ্রার্থীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন হাবিবুল্লাহ শেখ, তার বাবা মো. সিরাজ শেখ, সুমন দাস, হৃদয় হাওলাদার এবং মোতালেব। তারা বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।
আহতদের ভাষ্য, তারা আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই ছাদের পলেস্তারা ভেঙে পড়ে। এতে দুজনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং অন্যরা ঘাড় ও পায়ে আহত হন।
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের মাথায় সেলাই দিতে হয়েছে। তবে সবাই বর্তমানে শঙ্কামুক্ত এবং সুস্থ হয়ে উঠলে বাড়ি ফিরতে পারবেন।
জেলা জজ আদালতের নাজির অমিত কুমার বলেন, ঘটনার পরপরই গণপূর্ত অধিদপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করে এর নিরাপত্তা ও ব্যবহারযোগ্যতা সম্পর্কে প্রতিবেদন দেবেন।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এম এম মাহাবুব মোর্শেদ লালন বলেন, আদালতের তিনতলা ভবনটি অনেক পুরোনো এবং বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ভবনের যেসব অংশে পলেস্তারা খসে পড়ছে এবং ফাটল তৈরি হয়েছে, সেগুলো দ্রুত সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তরের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, ভবনটির নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।