ইউরোপের অন্যতম ঐতিহাসিক দেশ স্পেনে মুসলিম জনসংখ্যা আনুষ্ঠানিকভাবে ২৫ লাখের মাইলফলক অতিক্রম করেছে। সাম্প্রতিক এক জনমিতিক (ডেমোগ্রাফিক) সমীক্ষায় উঠে এসেছে, ইসলাম বর্তমানে দেশটির সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মগুলোর একটি।
প্রতিবেদন অনুযায়ী, স্পেনে বসবাসরত মুসলিমদের প্রায় অর্ধেকই এখন দেশটির স্থায়ী নাগরিক। তাদের একটি বড় অংশ স্পেনে জন্মগ্রহণ করেছেন, আর বাকিরা আইনি প্রক্রিয়ায় নাগরিকত্ব লাভ করেছেন।
বিশ্লেষকদের মতে, এই পরিসংখ্যান প্রমাণ করে যে মুসলিম সম্প্রদায় এখন আর শুধু অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। তারা স্পেনের মূলধারার সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন।
বর্তমানে কাতালোনিয়া, আন্দালুসিয়া এবং রাজধানী মাদ্রিদে মুসলিমদের বসতি সবচেয়ে বেশি। এসব অঞ্চলে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে মুসলিমদের সক্রিয় অংশগ্রহণ ক্রমেই বাড়ছে।
সমাজবিজ্ঞানীদের মতে, সুশৃঙ্খল অভিবাসন, নতুন প্রজন্মের বিকাশ এবং স্থায়ী নাগরিকত্ব বৃদ্ধির ফলে আগামী বছরগুলোতে স্পেনের সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি ও প্রভাব আরও দৃশ্যমান হবে।