ইরান যুদ্ধে নিহত ৪ মার্কিন সেনার তথ্য বাদ দিলো যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সংঘাতে নিহত চার মার্কিন সেনার তথ্য মূল হতাহতের তালিকা থেকে সরিয়ে পৃথক একটি নতুন বিভাগে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। এ ঘটনায় তথ্য গোপনের অভিযোগ উঠলেও পেন্টাগন একে কারিগরি ত্রুটি বলে দাবি করেছে।

ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালিসিস সিস্টেমের ওয়েবসাইটে নিহতের সংখ্যা ১৮ থেকে কমিয়ে ১৪ দেখানো হয়েছে। একই সঙ্গে ‘ওভারসিজ অপারেশন্স’ নামে নতুন একটি বিভাগ যুক্ত করে সেখানে ১৭ ও ১৮ জুলাই জর্ডান ও ইরাকে নিহত চার মার্কিন সেনার নাম এবং ২০৭ জন আহতের তথ্য সংযোজন করা হয়েছে।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেস এবং প্রধান মুখপাত্র শন পার্নেল জানান, নিহতের সংখ্যা পরিবর্তনের বিষয়টি কোনো তথ্য গোপনের চেষ্টা নয়। তাদের দাবি, এটি কেবল উপাত্ত হালনাগাদের সময় সৃষ্ট একটি সাময়িক কারিগরি ত্রুটির ফল।

এ বিষয়ে ইউএস সেন্ট্রাল কমান্ডের কাছে জানতে চাওয়া হলে তারা সব ধরনের প্রশ্নের জন্য পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করতে বলে। তবে পরে হোয়াইট হাউস কিংবা পেন্টাগনের পক্ষ থেকে এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার সামরিক অভিযানের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সংঘাতে মোট ১৮ জন মার্কিন সেনা নিহত হওয়ার কথা উল্লেখ করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জুনে হওয়া যুদ্ধবিরতি ভেঙে ৭ জুলাই থেকে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর পেন্টাগন সামরিক অভিযান ও হতাহতের তথ্য প্রকাশে তুলনামূলকভাবে সীমিত অবস্থান নিয়েছে।

 
 
 

তাসনিম হোসেন