২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর তদন্ত আগামী এক বছরের মধ্যে শেষ করার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আইন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, এসব মামলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত বিচার নিশ্চিতের লক্ষ্যে কাজ চলছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত, আহত ও স্থায়ীভাবে পঙ্গুত্ববরণকারীদের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।
প্রধান আইন কর্মকর্তা জানান, আগামী এক বছরের মধ্যে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত সব মামলার তদন্ত শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ, সাক্ষ্য গ্রহণ এবং অন্যান্য আইনি প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে তদন্ত কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
মো. আমিনুল ইসলাম বলেন, তদন্তে কোনো রাজনৈতিক বা বাহ্যিক প্রভাব যাতে না পড়ে, সে বিষয়ে প্রসিকিউশন সতর্ক রয়েছে। নিরপেক্ষতা বজায় রেখেই সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এদিকে একই দিনে জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আইন কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়।
স্মারকলিপি গ্রহণের সময় তিনি মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরেন এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত সব অপরাধের বিচার নিশ্চিত করার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।