ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সাম্প্রতিক আলোচনাকে কেবল দল টিকিয়ে রাখার একটি রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই আলোচনার বাস্তবে কোনো ভিত্তি নেই।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজারে সরকারের চলমান খাল খনন কর্মসূচি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জুলাইয়ের আন্দোলনকে অস্বীকার করে দেশে ফেরা তো দূরের কথা, আগামী দিনে রাজনীতিতে ফিরে আসাও অত্যন্ত কঠিন হবে। বিগত সময়ের নিজেদের কারাবাস ও রিমান্ডের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, এ দেশের আপামর জনসাধারণের বর্তমান মানসিকতা, রক্ত ও আত্মত্যাগের বিশাল ইতিহাস বিবেচনা করলে জুলাইকে পাশ কাটিয়ে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চিন্তা করাও অসম্ভব।
পরিদর্শনকালে তার সঙ্গে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ, জেলা বিজেপি সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সংসদ সদস্য ব্যারিস্টার পার্থ ভোলা সদর উপজেলার তীব্র নদীভাঙন কবলিত শিবপুর ইউনিয়নের ভোলারখাল এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ওই এলাকার ভাঙন রোধে স্থায়ী প্রকল্প ও সরকারি বরাদ্দ পাওয়ার জোরালো আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সরকারের খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এই সংসদ সদস্য।