বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৬:৫১ পিএম

বর্ষা মৌসুমের শুরুতেই দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে শুরু করেছে। প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ বাড়ছে জনমনে। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা।

দেশে বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। চলতি জুন মাসেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। একই সময়ে হামের বিস্তার অব্যাহত থাকায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার হাসপাতালগুলোতে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে। রাজধানীর শিশু হাসপাতালে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে শিশুদের ভর্তি করা হচ্ছে।

হাসপাতালে আসা কয়েকজন অভিভাবক জানান, শিশুদের জ্বর কমছে না এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তারা দ্রুত হাসপাতালে নিয়ে এসেছেন। অনেক ক্ষেত্রে কয়েক দিন জ্বর থাকার পর পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক হলেও গত বছরের একই সময়ের তুলনায় ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনও কম রয়েছে। তবে বর্ষাকালে সংক্রমণ আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। বাড়ির আশপাশে কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে নজর রাখতে হবে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের মশারি ব্যবহারসহ প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সংক্রমণের বিস্তার কমানো যায়।

চিকিৎসকদের মতে, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরব্যথা বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সময়মতো চিকিৎসা গ্রহণ করলে ডেঙ্গুর জটিলতা ও মৃত্যুঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

তাসনিম হোসেন