দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক ব্যবহার করছেন, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জাতীয় পর্যায়ের একটি গবেষণায় এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। নতুন ধরনের সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তারের কারণে দেশের মাদক সমস্যা দিন দিন আরও জটিল রূপ ধারণ করছে। এর ফলে বিপুল সংখ্যক তরুণ মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যাদের দ্রুত চিকিৎসা প্রয়োজন।
মাদকাসক্তির চিকিৎসাসেবা সহজলভ্য করতে সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান, ঢাকার তেজগাঁওসহ তিনটি বিভাগীয় নিরাময় কেন্দ্রের শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া ঢাকা নিরাময় কেন্দ্রকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ চলছে এবং ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যা বিশিষ্ট নতুন নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন যে, দেশে মাদকাসক্তের সংখ্যার তুলনায় সরকারি চিকিৎসা সুবিধা এখনও পর্যাপ্ত নয়। এই ঘাটতি পূরণে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করতে সরকার আর্থিক অনুদানসহ নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে লাইসেন্সপ্রাপ্ত ৪০৩টি বেসরকারি কেন্দ্রের মধ্যে মনোনীত ৭৩টিকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।