আশুরার শিক্ষা থেকে সমাজে সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম

পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই। তিনি সমাজে শান্তি, ন্যায় ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৫ জুন) পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আশুরার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে ইসলামের মূল ভিত্তি হলো শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণ। তিনি বলেন, এই মূল্যবোধগুলো ধারণ করে সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করতে হবে।

তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ইসলামে বিভেদ ও বৈরিতার কোনো স্থান নেই বলেও তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখে পবিত্র আশুরা পালিত হয়, যা ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এটি শুধু শোকের দিন নয়, বরং সত্য, ন্যায়, ধৈর্য, ত্যাগ ও নৈতিক দৃঢ়তার শিক্ষা দেয়।

তিনি বলেন, কারবালার ঘটনা মানব ইতিহাসে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক অনন্য উদাহরণ। প্রায় ১৪০০ বছর আগে কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসাইন (রা.) জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শাহাদত বরণ করেন, যা আজও মানবজাতির জন্য প্রেরণার উৎস।

বাণীতে তিনি হজরত ইমাম হোসাইন (রা.) এবং কারবালার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি তিনি মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানান এবং আশুরার মর্মার্থ ধারণ করে শান্তিপূর্ণ সমাজ গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

তাসনিম হোসেন