বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে ডা. এ বি এম আবদুল্লাহর নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই পদের বিপরীতে গ্রহণ করা সব বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত ৯২তম সিন্ডিকেট সভায় আলোচ্যসূচির বাইরে একজন সদস্যের প্রস্তাবের ভিত্তিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়। ওই সভায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা বিধিবহির্ভূত ছিল বলে উল্লেখ করা হয়েছে।
এ কারণে সিন্ডিকেটের ওই সিদ্ধান্ত অনুযায়ী তার নিয়োগ অনুমোদনযোগ্য নয় বলে জানিয়ে ইমেরিটাস অধ্যাপক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই সময় থেকে এ পদে পাওয়া সব বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, তিনি এ সংক্রান্ত চিঠি পেয়েছেন। তাঁর দাবি, এটি একটি সম্মানজনক পদ এবং দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করেই নিয়োগ দেওয়া হয়ে থাকে। তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত ক্ষোভের কারণে তার নিয়োগ বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তটি অন্যায় এবং এটি তার প্রতি অবিচার। তিনি দাবি করেন, তিনি দীর্ঘ ৫০ বছর চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত এবং রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন। তাঁর মতে, এ ধরনের সম্মানজনক পদ বাতিলের ঘটনা নজিরবিহীন।