বিগত ২০ বছর ধরে যারা গ্রামীণ শিক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে শহরে চলে এসেছেন, সেই শিক্ষকদের আবারও গ্রামে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
গত বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে খুলনা বিভাগীয় অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষার মানোন্নয়নে সরকারের নতুন পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি বিদ্যালয়ে 'মিড ডে মিল' (দুপুরের খাবার) চালু করা হবে। এই কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার একটি বড় চ্যালেঞ্জ তুলে ধরে ড. এহসানুল হক মিলন বলেন, "বর্তমানে দেশে প্রায় ৬০ হাজার শিক্ষকের ঘাটতি রয়েছে। এত বড় শিক্ষক সংকট নিয়ে শিক্ষার কাঙ্ক্ষিত মান উন্নয়ন সম্ভব নয়। তাই এই সংকট দূর করতে পর্যায়ক্রমে দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।"
পরীক্ষা পদ্ধতির সংস্কার বিষয়ে শিক্ষামন্ত্রী আরও জানান, অতীতে পরীক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করলে শুধু নম্বরগুলো পুনরায় যোগ করা হতো। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এখন সেই আইন পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়মে পরীক্ষার্থীদের খাতা পুরোপুরি পুনরায় চেক বা মূল্যায়ন করার সুযোগ রাখা হয়েছে।