হেক্সার পথে কঠিন সমীকরণ: ফাইনালে যেতে ব্রাজিলের সামনে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৫:১৮ পিএম

ছবি: সংগৃহীত

ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে আজ রাতে নকআউটের প্রথম ধাপে জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ফাইনালের টিকিট পেতে হলে পাড়ি দিতে হবে এক কঠিন ও রোমাঞ্চকর পথ, যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সামনে পড়তে পারে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।

আজ সোমবার রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে নকআউট পর্ব শুরু করছে কার্লো আনচেলত্তির দল। আজকের ম্যাচে জিতলেই শেষ ষোলোতে জায়গা করে নেবে ব্রাজিল।

দীর্ঘ ২৪ বছরের শিরোপা খরা কাটানোর মিশন নিয়ে এবার মাঠে নেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০০২ সালের পর থেকে সেলেসাওদের বিশ্বসেরার মুকুট ফিরে পাওয়ার অপেক্ষা কেবলই দীর্ঘ হয়েছে। এর মধ্যে ২০১৪ ঘরের মাঠের বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানো ছাড়া বাকি চার আসরেই তাদের যাত্রা থমকে গেছে কোয়ার্টার ফাইনালে। তবে এবারের সমীকরণ আরও জটিল। ৪৮ দলের বর্ধিত কলেবরের বিশ্বকাপে এবার শেষ ষোলোতে পা রাখার আগেই পার হতে হচ্ছে ‘শেষ ৩২’-এর নতুন ও কঠিন ধাপ। নকআউটের নিয়ম অনুযায়ী, একটি ম্যাচে হারলেই বিদায় নিতে হবে আসর থেকে। ফলে প্রতিটি ম্যাচই এখন রূপ নিয়েছে ফাইনালের লড়াইয়ে।

ব্রাজিল দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি অবশ্য বাস্তবতাকে মেনে নিয়েই পা বাড়াচ্ছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, জাপানের বিপক্ষে ম্যাচটি জিতলেও সামনের পথ মোটেও সহজ হবে না। তবে ভবিষ্যতের কঠিন পথ নিয়ে এখনই না ভেবে আপাতত তাদের সব মনোযোগ কেবল আজকের জাপান ম্যাচের ওপরই নিবদ্ধ রয়েছে।

গ্রুপপর্বে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে কিছুটা ধাক্কা খেলেও, পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আনচেলত্তির শিষ্যরা। হাইতি ও স্কটল্যান্ডকে সমান ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা।

আজকের ম্যাচে জাপানকে হারাতে পারলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে ব্রাজিল। সেখানে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে কিংবা আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। এরপর কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারলে সেলেসাওদের লড়তে হতে পারে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড অথবা গণতান্ত্রিক কঙ্গোর বিপক্ষে।

তবে ফুটবলপ্রেমীদের আসল রোমাঞ্চ অপেক্ষা করছে সেমিফাইনালে। সব হিসাব-নিকাশ ও গতিপথ ঠিক থাকলে শেষ চারে দেখা হয়ে যেতে পারে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। লিওনেল মেসির আর্জেন্টিনা শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব পার করে ইতোমধ্যে শেষ ৩২-এ ইতিহাস গড়া কেপ ভার্দেকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে। সেমিফাইনালে লাতিন পরাশক্তিদের এই মহারথী লড়াই হলে যেকোনো এক দলের বিদায় নিশ্চিত। আর এই পথ পাড়ি দিয়ে যে দলটি ফাইনালে উঠবে, তারা আগামী ১৯ জুলাই দিবাগত রাত ১টায় শিরোপার চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামবে।

তাসনিম হোসেন