খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৫:৪৭ পিএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে তিনি এ সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে রাষ্ট্রীয় জানাজায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণ গ্রহণ করেই তিনি তেহরান সফরে যাচ্ছেন।

ইরানের রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী, আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েকদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৪ জুলাই প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই রাজধানীর উপকণ্ঠের কোম শহরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষ ৯ জুলাই আরেক দফা জানাজা শেষে তাকে দক্ষিণ-পূর্বাঞ্চলের মাশহাদে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। মৃত্যুর আগে তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।

তাসনিম হোসেন