শুরু হলো এইচএসসি পরীক্ষা: সারাদেশে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম

ফাইল ছবি

সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থী। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছেন। আজ প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা বোর্ডে আলিম পর্যায়ে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি পরীক্ষা চলাকালীন অনিয়ম ও জালিয়াতি রোধে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বপালনরত পুলিশ সদস্যরা এবার বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন, যা সরাসরি নিরাপত্তা তদারকিতে সহায়তা করবে। শিক্ষা মন্ত্রণালয়ে স্থাপন করা হয়েছে একটি বিশেষ মনিটরিং সেল। এই সেলের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তের পরীক্ষা কেন্দ্রের পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য যেকোনো জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

কর্তৃপক্ষের কঠোর বার্তা পরীক্ষা সংশ্লিষ্ট অনিয়ম ও নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনো কেন্দ্রে নকল ধরা পড়লে শুধু সংশ্লিষ্ট পরীক্ষার্থী নয়, ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগ ও নিয়ন্ত্রণ কক্ষ পরীক্ষা পরিচালনা ও জরুরি যেকোনো তথ্যের জন্য ঢাকা শিক্ষা বোর্ডে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্টরা নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন:

  • টেলিফোন নম্বর: ০২-২২৩৩৬৯৮১৫

  • মোবাইল নম্বর: ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২

  • ই-মেইল: [email protected]

তাসনিম হোসেন