চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি সক্ষমতা বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ০১:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী ‘চতুর্মাত্রিক’ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দেশের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণের ক্ষেত্রে ‘বাংলাদেশ নীতি’ বা দেশের স্বার্থকে সবার আগে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) বিশেষ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় একটি আধুনিক ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকার সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে পিজিআরের গৌরবময় ভূমিকার প্রশংসা করে মো. সাহাবুদ্দিন বলেন, "দেশ ও বিদেশের মাটিতে আমাদের সেনাবাহিনীর যে অসামান্য সুনাম রয়েছে, তা আজ বিশ্বজুড়ে সমাদৃত ও সুপ্রতিষ্ঠিত। আর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টও (পিজিআর) সেই গৌরবময় ও ঐতিহ্যবাহী সেনাবাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ।"

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিরাপত্তার ধরন ও পরিবর্তনশীল চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিয়ে সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে কেবল প্রচলিত বা প্রথাগত নিরাপত্তা ব্যবস্থার ওপর নির্ভর করে থাকা সম্ভব নয়। প্রথাগত ঝুঁকির পাশাপাশি এখন বিশ্বজুড়ে সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর (AI) অপব্যবহার এবং বিভিন্ন মাত্রার আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে।

রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, এই নতুন যুগের বহুমাত্রিক ডিজিটাল ও প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো দক্ষতার সাথে মোকাবিলা করতে হলে আমাদের সশস্ত্র বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করতে হবে। একই সাথে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে কার্যকর রণকৌশল ও দূরদর্শী পরিকল্পনা গ্রহণের কোনো বিকল্প নেই। সরকার সেই লক্ষ্যেই দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে সাজানোর কাজ করে যাচ্ছে।

তাসনিম হোসেন