জুন মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় ঝরল ৪৩৮ প্রাণ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম

ছবি: সংগৃহীত

বিদায়ী জুন মাসে দেশজুড়ে ভয়াবহ ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং আরও ৫৬১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৪ জন নারী ও ৫৬ জন শিশু রয়েছেন। রোববার (৫ জুলাই) সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

দেশের ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং সংস্থার নিজস্ব তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, জুনে ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩৪ জন, যা মোট মৃত্যুর প্রায় ৩০.৭২ শতাংশ। এ ছাড়া বিভিন্ন যানবাহনের ধাক্কায় ৯১ জন পথচারী এবং দায়িত্ব পালনকালে ৫৭ জন চালক ও সহকারী নিহত হয়েছেন। যানবাহনভিত্তিক পরিসংখ্যানে মোটরসাইকেলের পরই সবচেয়ে বেশি ১১২ জন মারা গেছেন থ্রি-হুইলার (সিএনজি, ইজিরাইক ইত্যাদি) দুর্ঘটনায়। এ ছাড়া পণ্যবাহী যান (ট্রাক, পিকআপ) দুর্ঘটনায় ৩৭ জন, বাসে ২৭ জন এবং ব্যক্তিগত গাড়ি ও অ্যাম্বুলেন্সে ১৪ জন প্রাণ হারিয়েছেন।

সড়কের ধরন অনুযায়ী সবচেয়ে বেশি ১৯৪টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। এ ছাড়া জাতীয় মহাসড়কে ১৫১টি, গ্রামীণ সড়কে ৬৪টি এবং শহরের ভেতরের রাস্তায় ৫৭টি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে সর্বোচ্চ ২০৬টি (৪৪%) দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি মুখোমুখি সংঘর্ষে ১০৯টি এবং পেছন থেকে ধাক্কা দেওয়ার কারণে ৫৩টি দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে।

বিভাগভিত্তিক হিসেবে বরাবরের মতো সবচেয়ে প্রাণঘাতী ছিল ঢাকা বিভাগ; যেখানে ১১৬টি দুর্ঘটনায় সর্বোচ্চ ১১৮ জনের মৃত্যু হয়েছে। শুধু রাজধানী ঢাকাতেই ৩২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৪৯ জন আহত হন। অন্যদিকে, সবচেয়ে কম ১৬ জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। সড়ক পথের পাশাপাশি গত মাসে ৯টি নৌ দুর্ঘটনায় ৭ জন এবং ২১টি রেল দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ অনুযায়ী—ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, অতিরিক্ত গতি, চালকদের অদক্ষতা, ট্রাফিক আইন অমান্য করা, তরুণদের বেপরোয়া বাইক চালানো এবং গণপরিবহন খাতে চাঁদাবাজিই এসব দুর্ঘটনার মূল কারণ। এই মহামারি নিয়ন্ত্রণে সংস্থাটি জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলকে কার্যকর করা, বিআরটিএর সংস্কার, দক্ষ চালক তৈরি এবং মহাসড়কে আধুনিক নিরাপত্তা প্রযুক্তি বাধ্যতামূলক করাসহ ১২ দফা জরুরি সুপারিশ পেশ করেছে।

তাসনিম হোসেন